ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যাদের নাম এসেছে এতেই ভালো একটি নির্বাচন কমিশন গঠন সম্ভব : কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নাম জমা না দিলেও সার্চ কমিটিতে যাদের নাম এসেছে, এতেই ভালো একটি নির্বাচন কমিশন গঠন সম্ভব। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিলেটে এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা আশা করি সার্চ কমিটি এমন যোগ্য ব্যক্তিদের নাম জমা দেবে, যেখান থেকে আমরা একটি শক্তিশালী নির্বাচন কমিশন পাবো। যে কমিশন জাতির প্রত্যাশা অনুযায়ী দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনা করবে, যা বিশ্বে প্রশংসিত হবে।’


ড. রাজ্জাক বলেন, ‘নির্বাচন বর্জন করে, আন্দোলন করে বিএনপি তাদের ক্ষতি করেছে, জাতির ক্ষতি করেছে। যে কোনো বিষয়ে আলোচনা-সংলাপের বিকল্প নেই। ইউক্রেন নিয়ে এত উত্তেজনার মাঝেও পুতিন ও বাইডেন কথা বলেছেন। আর বিএনপি সংলাপ-আলোচনা বর্জন করে যাচ্ছে, যা অরাজনৈতিক ও অগণতান্ত্রিক আচরণ।’


সভায় সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজীর আলম, সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট অঞ্চলের ডিএইর অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।

ads
ads
ads

Our Facebook Page

↑